বরগুনার পাথরঘাটায় ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, ট্রলার-ট্রাকসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার পাথরঘাটায় সাগরপথে পাচার করে আনা ভারতীয় কাপড়ের বড় একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রলার ও একটি ট্রাকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীর একটি নির্জন তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট সারতাজের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গভীর সাগর থেকে আসা একটি ট্রলার থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিপুল পরিমাণ কাপড় একটি ট্রাকে তোলা হচ্ছিল। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট জানান, জব্দ করা কাপড়ের সংখ্যা ও ধরন যাচাইয়ের কাজ চলছে। জব্দ তালিকা সম্পন্ন হওয়ার পর কাপড়ের প্রকৃত পরিমাণ ও আনুমানিক মূল্য নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কার্যক্রম চলছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন