বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর
বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরীফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, মাননীয় চিফ হুইপের এপিএস মো. তৌহিদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো. আব্দুল মালেক সিকদার, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি, বীর মুক্তিযোদ্ধা মো. মতিন আল হোসাইন সেলিম সর্দারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক অভিভাবক।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু শিক্ষক বা পরিচালনা পর্ষদের ওপর নির্ভরশীল নয়; অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, গুণগত শিক্ষা অর্জনে উৎসাহিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন