বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মিট উইথ শায়খ’ অনুষ্ঠানে শায়খে চরমোনাই, আদর্শিক রাজনীতির গুরুত্ব তুলে ধরলেন।
নিজস্ব প্রতিবেদক | বরিশাল
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মিট উইথ শায়খ’ অনুষ্ঠানে অংশ নিতে আজ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফর করেন শায়খে চরমোনাই।
বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি প্রথমে মূল ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে স্থান পাওয়া আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র তিনি গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।
পরে নির্ধারিত ‘মিট উইথ শায়খ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় ‘সমসাময়িক রাজনীতি বনাম আদর্শিক রাজনীতি’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি নৈতিকতা, আদর্শ, নেতৃত্বের জবাবদিহিতা এবং মূল্যবোধভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে মনোযোগ সহকারে তার বক্তব্য শোনেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সাবলীলভাবে উত্তর দেন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা শায়খের সঙ্গে মুসাফাহা করেন এবং তার কাছে দোয়া কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন