২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন বরগুনা-২ আসনের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দলের পক্ষে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এমপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। দলের পক্ষে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট রোববার সকাল ১০টায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা।
সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রমে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণির সরাসরি সম্পৃক্ততা রাজনৈতিক অঙ্গনে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কমিশন।
তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে জানাবে ইসি।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন