বামনায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক:
বরগুনার বামনা উপজেলার ঢুষখালী গ্রামে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহ আলম ফকির (৫২) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটলেও বিষয়টি সন্ধ্যা ৬টার দিকে জানাজানি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢুষখালী গ্রামের বাসিন্দা মো. খালেক দফাদার নিজের ধানক্ষেত ইঁদুরের হাত থেকে রক্ষা করতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে একটি ফাঁদ তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহ আলম ফকিরের মৃত্যু হয়।
খবর পেয়ে বামনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
বামনা থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় বৈদ্যুতিক ফাঁদ স্থাপনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, ইঁদুর নিধনের নামে এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ শুধু কৃষকের জন্য নয়, পথচারী ও আশপাশের মানুষের জন্যও প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। এ ধরনের অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন