বামনায় সাইফুল হত্যার বিচার ও দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে বামনায় মানববন্ধন।
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর
বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার ৩ নম্বর রামনা ইউনিয়নের অযোধ্যা গ্রামে মো. সাইফুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের বিচার ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় অযোধ্যা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত সাইফুল ইসলামের স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৩১ জুলাই গভীর রাতে সাইফুল ইসলামকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সুমাইয়া আক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলেও দাবি করেন নিহতের স্বজনরা।
নিহতের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এ ঘটনার সঙ্গে সুমাইয়ার বোন সোনিয়াও জড়িত থাকতে পারেন। তবে এসব অভিযোগের বিষয়ে সুমাইয়া আক্তার বা সোনিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, সাইফুল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। অভিযোগে থাকা সুমাইয়া আক্তার ও তার বোন সোনিয়াসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান তারা।
নিহতের স্বজনরা জানান, প্রায় দেড় বছর আগে একই গ্রামের ইউনুস আলীর মেয়ে সুমাইয়ার সঙ্গে সাইফুলের বিয়ে হয়। ঘটনার দিন রাতেও প্রতিদিনের মতো তারা একসঙ্গে ঘুমাতে যান। পরদিন সকালে সাইফুলকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। এ সময় তার স্ত্রীকে ঘরে পাওয়া যায়নি বলে দাবি করেন স্বজনরা।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি সাইফুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন