ঝালকাঠির ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণ রোধে অভিযান, দুই ট্রলারকে জরিমানা।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভীমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে পরিবেশ ও পর্যটকদের ভোগান্তির কারণ হওয়ায় দুটি ট্রলারকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুপ্তা মেহনাজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পর্যটন এলাকায় উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট এবং দর্শনার্থীদের বিরক্ত করার দায়ে দুটি ট্রলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ট্রলার মালিক ও চালকদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও সেগুপ্তা মেহনাজ বলেন, ভীমরুলী পেয়ারা বাগানে আগত পর্যটকদের জন্য একটি শান্ত, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি পর্যটন এলাকায় পরিবেশবান্ধব আচরণ বজায় রাখতে ট্রলার মালিক, চালক এবং দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের মতে, পর্যটন এলাকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে দীর্ঘদিন ধরে দর্শনার্থীরা বিরক্তির শিকার হচ্ছিলেন। প্রশাসনের এ উদ্যোগে পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন