সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট শুরু করতে চায় ইসি।
নিজস্ব প্রতিবেদক:
আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা করে নভেম্বরে ভোটগ্রহণ শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সিইসি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে বিপুলসংখ্যক নির্বাচন সামনে রয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা এবং সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ।
তিনি জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনের মতোই গ্রহণযোগ্য ও মানসম্মত নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে কমিশনের।
সিইসি বলেন, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়। বন্যা, দুর্গাপূজা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন পরীক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়গুলো নির্বাচনের সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঈদুল আজহা ও বর্ষাকালসহ বিভিন্ন কারণে নির্বাচনের জন্য সময় তুলনামূলকভাবে সীমিত। তাই এ বছরের শেষের দিকে নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে কমিশন।
নভেম্বরের শেষ দিকে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হতে পারে উল্লেখ করে সিইসি বলেন, এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা করতে হবে। কারণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরা নির্বাচনী দায়িত্ব পালন করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গে তিনি জানান, ২০২১ সালের নির্বাচনে প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছিল। এবারও যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হচ্ছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন শুরু করার চিন্তা করছে কমিশন।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই প্রতিকূল মৌসুমে আয়োজন করা যাবে না। বিশেষ করে পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন এলাকায় আবহাওয়া ও যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে ভোটের সময়সূচি নির্ধারণ করতে হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি, আইন এবং নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তপশিল ঘোষণার সময় সম্পর্কে সিইসি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে আগামী সেপ্টেম্বরে তপশিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। সাধারণত নির্বাচনের প্রায় দুই মাস আগে তপশিল ঘোষণা করতে হয়।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন