সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ।
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হয়েছেন। তার মৃত্যুর প্রতিবাদে এবং সড়ক নিরাপত্তাসহ চার দফা দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে তালা দিয়ে উপাচার্যের দপ্তর অবরুদ্ধ করেন তারা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—আহত শিক্ষার্থীর সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করা, আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক মেরামত, বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত সার্বক্ষণিক বাসের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ফুটপাত চালু করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও মহাসড়ক অবরোধ চলবে।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন