বরিশালে ফুটওভারব্রিজ, সিটি বাস ও ৬ লেন মহাসড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
বরিশাল প্রতিনিধি:
বরিশালে নথুল্লাবাদ–চৌমাথা–রুপাতলী এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ, সিটি বাস চালু, ৬ লেন মহাসড়ক ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সচেতন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় তারা সড়কে পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, বরিশালের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিনিয়ত যানবাহনের চাপ বাড়ছে। এতে পথচারী ও শিক্ষার্থীদের সড়ক পারাপারে ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলী এলাকায় ফুটওভারব্রিজের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের।
তারা আরও বলেন, নগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে সিটি বাস চালু করা প্রয়োজন। পাশাপাশি ৬ লেন মহাসড়ক নির্মাণসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শিক্ষার্থীরা জানান, জনসাধারণ ও সচেতন নাগরিকরা সবাই এগিয়ে এলে এসব দাবি বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচির আয়োজকরা জানান, শিগগিরই বরিশাল জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ট্রাফিক পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন