বুধবার, 02 সেপ্টেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

শ্রমিক মারধরের প্রতিবাদে বরিশালে ফের বাস ধর্মঘট, নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ

ছাব্বির আহমাদ | 25 আগস্ট 2026, 05:51 PM | পঠিত: 16 বার
image_search_1763357847320
নিজস্ব প্রতিবেদক: বরিশালে আবারও বাস ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাস শ্রমিকরা নথুল্লাবাদ এলাকায় বাস চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন। আকস্মিক এ কর্মসূচির কারণে দূরপাল্লা ও স্থানীয় রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে বাস থেকে নেমে বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাস শ্রমিকদের দাবি, মঙ্গলবার সকালে বরিশালের রহমতপুর এলাকায় থ্রি-হুইলার শ্রমিকদের হামলায় দুটি বাসের চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সোমবারও বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে দুই পক্ষের আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলেও একদিনের ব্যবধানে আবারও উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর ক্ষুব্ধ বাস শ্রমিকরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রা ও অন্যান্য থ্রি-হুইলারের চলাচল বন্ধের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধের ফলে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ