পটুয়াখালীতে সালিশে গেলে পরে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের সালিশে গিয়ে তানিয়া বেগম (৩৮) নামে এক নারী ইউপি সদস্য হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে পশ্চিম ঘেরাখালী মোল্লা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তানিয়া বেগম স্থানীয় একটি জমি-সংক্রান্ত বিরোধের সালিশে অংশ নিতে ঘটনাস্থলে যান। সেখানে যাওয়ার পর কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তার ওপর হামলা করা হয় বলে দাবি তার।
হামলায় মাথা ও হাতে আঘাত পান তানিয়া বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।
তানিয়া বেগমের দাবি, সালিশের আগে তিনি বিষয়টি পুলিশকে ফোনে জানিয়েছিলেন। বিরোধপূর্ণ জায়গায় সালিশের সিদ্ধান্তের বাইরে ঘর নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর খবির, লিটন গাজী, রিপন, রত্তন, আলমগীর, লিমন ও লতিফ সিকদারসহ কয়েকজন তাকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।
তানিয়ার ভাই জলিলের দাবি, একটি হত্যা মামলায় তার বোন সাক্ষী হওয়ায় ওই মামলার জেরেও হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানান।
অন্যদিকে, অভিযুক্ত লিটন গাজী মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তানিয়া বেগমকে কেউ মারধর করেনি; তিনি নিজেই রাস্তায় শুয়ে পড়েছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন